জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর তিনি হাসপাতালে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৫টার পর জামায়াতের সমাবেশে বক্তব্য শুরু করেন আমির ডা. শফিকুর রহমান। বক্তৃতা চলাকালেই তিনি দু’বার অসুস্থ হয়ে পড়েন। প্রথমবার কথা বলতে বলতে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তখন মঞ্চের অন্য নেতারা তাকে ধরে বসিয়ে দেন এবং শারীরিকভাবে সহায়তা করেন।
কিছুক্ষণ পর তিনি ফের দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেও মাত্র এক মিনিটের মাথায় আবারও অসুস্থ হয়ে পড়েন। এবারও ডান হাতে বুক চেপে ধরতে দেখা যায় তাকে। পরে বসা অবস্থায় বক্তৃতা শেষ করেন তিনি।
বক্তব্যে শফিকুর রহমান বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন।
বক্তৃতা শেষে তিনি ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেন।
বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে