রাষ্ট্রপতি হওয়ার পর আজ প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি।
সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হয়ে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের কথা রয়েছে তাঁর। সেখান থেকে সরাসরি জেলা সার্কিট হাউসে যাবেন রাষ্ট্রপতি। সেখানে সশস্ত্র বাহিনীর দেওয়া গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।
পরে পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি এবং মোনাজাতে অংশ নেবেন তিনি।
কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মির্জা ফখরুল।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এরপর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির সফর ঘিরে ৫ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
মতামত দিন