কারাগার থেকে আদালতে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ মঙ্গলবার কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রমনা ও পল্টন থানার পৃথক ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩১ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালত শুনানির এই দিন ঠিক করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় করা ৯ মামলায় ফখরুলের জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করতে হাইকোর্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন। আদালত ৯ জানুয়ারি শুনানির দিন ঠিক করেন।’
রাজধানীর রমনা ও পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৪ ডিসেম্বর রিট করেন ফখরুল। রিটে ১০টির মধ্যে পল্টন থানার ৭টি ও রমনা থানার ৩টি মামলার কথা উল্লেখ রয়েছে। মামলাগুলো ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পরদিন রমনা মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় ওই দিনই মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর জামিন চেয়ে ৫ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের শুনানি নিয়ে ৭ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। ওই মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে