রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে গেলেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোক নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের রুহিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সান্তনা দেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তিনি বিদায় নেন। ফখরুল পূর্বেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রমেশ চন্দ্র সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। সম্প্রতি ২০২৪ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মামলায় কারাগারে বন্দি ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে