চীন সফরে গেলেন মির্জা ফখরুল
চীনা সরকারের আমন্ত্রণে চীন সফরে গেলেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, রোববার রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন একান্ত সহকারী ইউনুস আলী।
শাহজালাল বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
উল্লেখ্য, সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ে পৌঁছে প্রতিনিধি দলটির প্রধান হিসেবে তাদের সঙ্গে যোগ দেবেন।
সফরকালে বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলটির একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে