Views Bangladesh Logo

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে উপস্থিত ছিল। দলে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ অন্যরা।

মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বৈঠকের পর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দলের মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে ১৮ আগস্ট পর্যন্ত। ভোটগ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ