রাষ্ট্রপতি হচ্ছেন—এমন খবরকে ‘গুজব’ বললেন মির্জা ফখরুল
কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘গুজব’।
এ সময় মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে। এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চায় সরকার।
তিনি বলেন, শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি, ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে ইতিবাচক ফল পাওয়া যাবে।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা তৈরিতে সংবাদমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
মতামত দিন