Views Bangladesh Logo

হানাহানি ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

পবিত্র ঈদুল আজহার দিনে ঠাকুরগাঁও থেকে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, দেশের দরিদ্র, দুস্থ ও বৈষম্যের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সময়ের দাবি।

ঈদের জামাত শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা যায়।

কোরবানির শিক্ষা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীকী শিক্ষা।

তিনি কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।’

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ