মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া চাইল পরিবার
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, 'চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সূচকে তারা ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে মস্তিষ্কসংক্রান্ত বিষয়গুলোতে কিছুটা সময় লাগে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।'
সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এদিকে সিঙ্গাপুরে অবস্থানরত তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বিছানা থেকে তুলে বসিয়েছেন, যা ইতিবাচক লক্ষণ। তিনি ধীরে ধীরে কথা বলতে পারছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে দেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে বলেন জানান তিনি।
সোহেল আরও জানান, হাসপাতালে সবসময় মির্জা আব্বাসের পাশে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে