Views Bangladesh Logo

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, পরীক্ষা-নিরীক্ষার ফল দেখে পরবর্তী সিদ্ধান্ত

মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (১৪ মার্চ) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে তার পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসকেরা তার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করেন।

চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। মস্তিষ্কে সংক্রমণজনিত কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তিনি স্ট্রোক করেছিলেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মির্জা আব্বাসের চিকিৎসক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার জানান, তার মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে স্ট্রোক হয়েছিল। প্রথমে তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেটি স্থগিত করে দেশে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

তিনি আরও বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে ভেন্টিলেশন থেকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শারীরিক অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

এদিকে মির্জা আব্বাসকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস বলেন, ইফতারের পর নামাজ পড়ার সময় হঠাৎ তার বাবার মাথায় তীব্র ব্যথা শুরু হয়। তখন পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বয়স ও কাজের চাপের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন বলে জানান তিনি।

মির্জা ইয়াসির আব্বাস আরও বলেন, দুই দফা অস্ত্রোপচারের পর বর্তমানে তার বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ ছাড়া হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ