গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ করেছেন। ঢাকা-৮ আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন।
জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্যান্য নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন এবং পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
মির্জা আব্বাস ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১ সালের ১১ অক্টোবর থেকে ২০০৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরপর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ও অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ করাবেন। নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন।
নির্বাচনের বেসরকারি ফলাফলের অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে