মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার রাত ৯টায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর তাঁর দেশে ফেরা বিএনপির রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মতামত দিন