Views Bangladesh Logo

মিরপুরে বসছে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের আসর, খেলবে ৩২ দল

তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরতে রাজধানীর মিরপুরে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের বড় আয়োজন। ‘আগামীর ক্রিকেট তারকা তৈরির প্রত্যয়ে’ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ‘সিটি ক্লাব একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট’। এবারের আসরে অংশ নেবে ৩২টি দল।

১৯৭২ সাল থেকে ক্রিকেটার তৈরির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন করে আসছে মিরপুরের ঐতিহ্যবাহী সিটি ক্লাব। দক্ষ কোচ, অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে পরিচালিত ক্লাবটির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই তরুণদের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পারফরম্যান্সের মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার পথও তৈরি হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে এক লাখ টাকা, ট্রফি ও মেডেল। রানার্স-আপ দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা, ট্রফি ও মেডেল। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে দুই হাজার টাকা ও ক্রেস্ট। এছাড়া আসরের সেরা ব্যাটার ও সেরা বোলার পাবেন চার হাজার টাকা করে এবং সেরা ফিল্ডার পাবেন দুই হাজার টাকা। প্রত্যেকের জন্য থাকবে ক্রেস্টও।

প্রতিযোগিতায় অংশ নিতে দলপ্রতি ৩০ হাজার টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে। ম্যাচগুলো ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। ফলে মাঠের লড়াই সরাসরি দেখার পাশাপাশি ক্রিকেটপ্রেমীরা তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সও অনুসরণ করতে পারবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। আসর শুরু হবে ৪ অক্টোবর। মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য সিটি ক্লাব অফিসে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর: ০১৬৩০-০৮৭৬৫৫।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ