মিরপুরে অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর সদস্য অনন্যা নিহত
ঢাকার মিরপুরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা। তার মৃত্যুর খবরে নীলফামারীর সৈয়দপুরে নিজ এলাকায় নেমে এসেছে শোক।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সৈয়দপুরের নিচু কলোনী বিমানবন্দর পূর্বপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। অনন্যা ওই এলাকার আব্দুল হান্নানের বড় মেয়ে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, চার বছর আগে তিনি বিমান বাহিনীতে যোগ দেন। সোমবার ঢাকার মিরপুরের একটি শপিং মলে গেলে সেখানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আটকা পড়েন অনন্যাসহ অনেকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তার মৃত্যু হয়।
অনন্যার চাচা আবুল কালাম আজাদ বলেন, পরিবারটি খুবই দরিদ্র। অনন্যা চাকরি পাওয়ার পর সংসারে সচ্ছলতা আসে। হঠাৎ করে এমন খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি।
তিনি জানান, বিমান বাহিনী কর্তৃপক্ষ প্রথমে অনন্যার ছোটবোনকে ফোনে অগ্নিকাণ্ডের খবর জানায়। পরে পরিবার ঢাকায় গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
ফুফু ফরিদা পারভীন বুলবুলি বলেন, আমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম। চাকরিতে যাওয়ার সময়ই কষ্ট হয়েছিল, এখন এভাবে হারিয়ে গেল—কীভাবে মেনে নেব?
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা জানিয়েছেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে