এশিয়া কাপের ভেন্যু হিসেবে বিসিবির ভাবনায় মিরপুর, চট্টগ্রাম ও সিলেট
আগামী বছরের এশিয়া কাপ মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টের দিনক্ষণ ইতোমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), যদিও আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা হয়নি। আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে হতে পারে টুর্নামেন্টটি, যার আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই মধ্যে এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিসিবির কাছে বিস্তারিত জানতে চেয়েছে এসিসি। ভেন্যু হিসেবে বিসিবির ভাবনায় আছে মিরপুর, সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম। আজ মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ।
তিনি বলেন, ‘আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট—আমাদের যে সচরাচর আন্তর্জাতিক ভেন্যুগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিবেচনা করছি। কিন্তু আবারও বলছি, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে ইনশাল্লাহ আগামী বছরের এশিয়া কাপ যদি বাংলাদেশে হয়, তাহলে আপনারা সবকিছুই দেখতে পারবেন।’
কয়েক দিনের মধ্যেই ভেন্যু চূড়ান্ত হবে জানিয়ে ইব্রাহিম বলেন, ‘আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রস্তাবিত যে তিনটা ভেন্যু, সেটা নিয়ে তারা আমাদের থেকে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছে। আমরা আশা করি, আগামী কয়েকদিনের মধ্যে জিনিসটা চূড়ান্ত করে ফেলব।’
১১ বছর পর বাংলাদেশে এশিয়া কাপ ফেরা প্রসঙ্গে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা আশাবাদী যে এত বছর পরে এশিয়া কাপ আবার বাংলাদেশে আসছে, আমরা যাতে দর্শকদেরকে এবং যারা খেলাপ্রেমী, তাদেরকে যাতে একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারি।’
তিনি যোগ করেন, ‘আমরা তো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং কতটা ইতিবাচক, সেটা তো আপনারা হয়তো আমাদের কিছু কার্যক্রম দেখে বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি, এখন বাকিটা কী ঘটে তার ওপর নির্ভর করবে।’
মতামত দিন