Views Bangladesh Logo

প্রস্তুতি ম্যাচে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনে তাঁর অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান করে অলআউট হয়। জবাবে দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫১ রান তুলেছে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দুজনই শূন্য রানে আউট হন। এরপর সাদমান ইসলাম ৩১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭, মুমিনুল হক ১৬, সৌম্য সরকার ১৬ ও অমিত হাসান ১৫ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মিরাজ। ১৯৪ রানে ৯ উইকেট হারানোর পর শেষ উইকেটে খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করে দলের সংগ্রহ ২৬৩-তে নিয়ে যান। খালেদ ১৫ রান করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে অফ স্পিনার কোরি রকিচায়োলি ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। স্যাম কনস্টাসকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ, আর ক্যাম্পবেল কেলাওয়েকে বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর কুর্টিস পিটারসন (অপরাজিত ২৬) ও জশ ফিলিপ (অপরাজিত ২২) তৃতীয় উইকেটে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন।

প্রথম দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। বাংলাদেশ এখনো প্রথম ইনিংসে ২১২ রানে এগিয়ে রয়েছে। ১৩ আগস্ট ডারউইনেই শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ