ওয়ানডেতে মুশফিককে ফেরাতে চান মিরাজ
বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে এসে অভিজ্ঞতার ঘাটতি বেশ ভালোভাবেই টের পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসরে যাওয়ার পর দল অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি। তাই আবারও দলে মুশফিকসহ সাকিব আল হাসানকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন মিরাজ।
মিরাজের বিশ্বাস, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের এখনো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলার সামর্থ্য রয়েছে। বিশেষ করে মুশফিকের ফিটনেস দেখে তিনি মুগ্ধ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে ইতিবাচক ইঙ্গিতও পেয়েছেন।
তবে বাস্তবতা বলছে, অন্তত সাকিবকে দলে ফেরানো সহজ নয়। রাজনৈতিক কারণে তার দেশে ফেরা অনিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও ক্ষীণ।
যদিও মিরাজ মনে করেন, সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার দলে থাকলে শক্তি বহুগুণ বেড়ে যাবে। তিনি বলেন, সাকিব ভাইকে এক-দুই ম্যাচের জন্য নয়, বিশ্বকাপ পর্যন্ত চাই। তার উপস্থিতি দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
অন্যদিকে মুশফিকের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই। তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নিলেও এখনও টেস্ট খেলছেন এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আছেন। টিম ম্যানেজমেন্ট চাইলে অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরার সুযোগ রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।
মিরাজ মনে করেন, মুশফিকের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য ফিরে আসবে। তার ভাষায়, ‘তিনি দলে থাকলে অভিভাবকের মতো গাইড করতে পারবেন। তার ফিটনেস ও অভিজ্ঞতা—দুটিই অসাধারণ।’
তবে এই উদ্যোগ এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। কোচিং স্টাফ বা নির্বাচক প্যানেলের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। বিসিবি ও টিম ম্যানেজমেন্টের সম্মতির পাশাপাশি মুশফিকের নিজের আগ্রহও এখানে গুরুত্বপূর্ণ।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, মুশফিককে নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, মুশফিক যেহেতু ওয়ানডে থেকে অবসর নিয়েছে, তাই বিষয়টি নিয়ে আমরা ভাবিনি। সে নিজে কী চায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে