সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, মাত্র ১৩ রানে ৩ উইকেট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাঁর সঙ্গে ৪৭ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেট শিকারে সেন্ট লুসিয়া কিংস ১১৯ রানে গুটিয়ে যায়। পরে ১৮ দশমিক ৩ ওভারে ৬ উইকেট হারিয়ে সেই রান টপকে ৪ উইকেটের জয় পায় গায়ানা।
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির জায়গায় আমাজন ওয়ারিয়র্সে যোগ দেন মিরাজ। দলে যোগ দিয়েই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বুধবার (৯ সেপ্টেম্বর) প্রভিডেন্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া। সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন মিরাজ। ওভারের শেষ বলেই পান সিপিএলে নিজের প্রথম উইকেট।
উইকেট ছেড়ে বেরিয়ে এসে ছক্কা মারার চেষ্টা করেছিলেন সেন্ট লুসিয়ার জন ক্যাম্পবেল। তবে তাঁর দুর্বল শটটি বাউন্ডারিতে থাকা ফিল্ডার কুয়েনটিন স্যাম্পসনের হাতে ধরা পড়ে। ১২ রান করে ফেরেন ক্যাম্পবেল, আর সিপিএল ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পান মিরাজ।
নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন মিরাজ। ওভারের প্রথম বলেই কেমল স্যাভরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ২ রানের বেশি করতে পারেননি স্যাভরি।
ওভারের শেষ বলে শ্রীলঙ্কান ব্যাটার চারিত আসালাঙ্কাকেও ফেরান মিরাজ। খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার শাই হোপের হাতে ক্যাচ দেন আসালাঙ্কা।
শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিপিএলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন মিরাজ। তবে গায়ানার জয়ের মূল নায়ক ছিলেন ইমরান তাহির। তাঁর ৫ উইকেটের সঙ্গে মিরাজের ৩ উইকেট মিলিয়ে দুই স্পিনারের বোলিংয়ে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া।
মতামত দিন