ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মিরাজ
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার।
ঘরের মাঠে তিন ম্যাচের ওই সিরিজে ৫ উইকেট নিয়ে দলের ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।
এই পারফরম্যান্সের ফলে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে আছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন।
বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে রয়েছেন। বড় লাফ দিয়েছেন পেসার নাহিদ রানা। ৬৫ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮তম স্থানে উঠে শতকের মধ্যে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তান দলেও এসেছে সুখবর। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সালমান আলী আঘা ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে দশম স্থানে রয়েছেন। অধিনায়ক শাহীন আফ্রিদি ৪ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ২৫তম স্থানে উঠেছেন।
এদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে