Views Bangladesh Logo

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মিরাজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর প্রথম ওয়ানডে ম্যাচেও হারল বাংলাদেশ দল। মাত্র ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা অলআউট হয়েছে ১১৬ রানে। ফলে ২৫ রানের হারে ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা।

এদিন আগে বোলিংয়ে নেমে ৭০ রানেই জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে ফেলে বাংলাদেশ। তবে শেষ দুই উইকেটে জিম্বাবুয়ে তুলেছে আরো ৭১ রান। ফলে লড়াই করার পুঁজি পায় তারা। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে নুরুল হাসান সোহান এবং তাওহীদ হৃদয় মিলে ৪৯ রানের জুটি গড়েন। এরপরই শুরু হয় ব্যাটিং ধস। একের পর এক উইকেট হারিয়ে ১১৬ রানেই থেমে যায় বাংলাদেশ।

এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে, ‘(নাহিদ) রানা যেভাবে বল করেছে, ৬ উইকেট নিয়েছে। আমরা কিছু জায়গায় আরও উন্নতি করতে পারি। তারা ৮ উইকেট হারিয়েও ভালো জুটি করেছে, অনেক রান বের করেছে। এখানে আমাদের দুর্বলতা ছিল।'

'অবশ্যই, নাহিদ রানা গত কয়েক সিরিজে দারুণ বল করছে। সে এটা চালিয়ে গেলে দলের জন্য ভালো হবে। বল হাতে আরও ভালো করার সুযোগ ছিল আমাদের। তবুও (জিম্বাবুয়ের) দুই ব্যাটার মিলে দারুণ জুটি গড়েছে, দারুণ খেলেছে।’-যোগ করেন তিনি।

উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে জুটি গড়তে পারলে আরও ভালো করতে পারব আমরা। দায়িত্ব নিয়ে ভালো করতে হবে আমাদের। ১৪২ রান এই কন্ডিশনে এত সহজও নয়। তবে সবার আগে আমাদেরকে জুটি গড়তে হবে (যেন এমন রান তাড়া করতে পারি)।’


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ