Views Bangladesh Logo

বিতর্কিত সেই রানআউট নিয়ে মুখ খুললেন মিরাজ ও সালমান আগা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের করা একটি বিতর্কিত রানআউটকে ঘিরে ক্রিকেটবিশ্বে ‘স্পিরিট অব ক্রিকেট’ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ ও পাকিস্তানের অলরাউন্ডার সালমান আলী আগা।

ম্যাচের এক পর্যায়ে পাকিস্তানের ব্যাটার সালমান আগা ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে আসেন। তখন বলটি তার শরীরে লাগার পর তিনি সেটি ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে মনে হচ্ছিল। ঠিক সেই সময় সুযোগ বুঝে স্টাম্পের বেল ফেলে দেন মিরাজ, ফলে রানআউট হন সালমান।

এই আউটকে ঘিরে দর্শক ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ বৈধ রানআউট ছিল, কারণ তখন ব্যাটার ক্রিজের বাইরে ছিলেন।

ম্যাচ শেষে ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে মিরাজ বলেন, এটি ছিল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

তিনি বলেন, “সে উইকেট থেকে একটু দূরে ছিল, আমি শুধু বলের দিকে তাকিয়ে ছিলাম। যদি বল মিস হয় তাহলে সে অবশ্যই রান নিতে পারে। তাই আমি সেভাবেই চিন্তা করছিলাম।”

রান আউটের সময় সালমান আগা ৬৪ রানে অপরাজিত ছিলেন এবং পাকিস্তানের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি। ফলে এই উইকেটটি ম্যাচের একটি বড় মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত হয়ে ওঠে।

পাকিস্তানের এই অলরাউন্ডারও স্বীকার করেছেন যে আউটটি আইনের মধ্যেই ছিল। তবে তিনি বলেন, সুযোগ পেলে তিনি ভিন্নভাবে আচরণ করতেন।

সালমান বলেন, “এটি নিয়মের মধ্যেই ছিল এবং আমি সবসময় আইন মেনে চলতে চাই। কিন্তু খেলোয়াড়সুলভ মনোভাবের প্রশ্ন এলে যেকোনো পরিস্থিতিতেই সেটি থাকা উচিত। আমার দৃষ্টিকোণ থেকে আমি ভিন্নভাবে করতাম, আমি স্পোর্টসম্যানশিপই বেছে নিতাম।”

তিনি আরও বলেন, বলটি তার প্যাড ও পিঠে লাগার পর তিনি মনে করেছিলেন বলটি ‘ডেড’ হয়ে গেছে।

সালমানের ভাষ্য, “বলটি আমার প্যাডে লাগার পর পিঠে লাগে, তাই আমি ভেবেছিলাম বলটি ডেড। আমি শুধু সেটি তাকে ফেরত দিতে চেয়েছিলাম, কারণ আমি রান নেয়ার কথা ভাবছিলাম না।”

পরে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ও সাবেক পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদ বলেন, ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে ইচ্ছাকৃতভাবে ভুল করার সুযোগ কারও ছিল না।

তিনি বলেন, “আমার মনে হয় না কোনো খেলোয়াড়ই ভুল করেছে। আগা হয়তো ভেবেছিল বলটি ডেড এবং সাহায্য করতে যাচ্ছিল আর মিরাজ পুরোপুরি খেলায় মনোযোগী ছিল এবং রান আউটের সুযোগ দেখেছিল।”

তবে ম্যাচের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১২৮ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

ম্যাচ শেষে মিরাজ স্বীকার করেন, ম্যাচের শুরুতেই বোলিং পরিকল্পনা বাস্তবায়ন করতে করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে প্রথম দিকের ওভারগুলোতে অনেক রান দিতে হয়েছে। পাশাপাশি ব্যাটিং ব্যর্থতার কথাও উল্লেখ করেন তিনি।

মিরাজ বলেন, “আমাদের ব্যাটিং ইউনিটকে উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। কারণ আমরা যদি রান করতে না পারি তাহলে ভালো অবস্থানে থাকা সম্ভব নয়।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ