Views Bangladesh Logo

মামলা করায় ধর্ষণের শিকার কিশোরীকে আবারও অপহরণের অভিযোগ

বগুড়ার ধুনটে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ভুক্তভোগী কিশোরীকে আবারও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ১২ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে নিমগাছি ইউনিয়নের শাহাদৎ প্রামানিকের ছেলে শাহ আলম (৪২) এর বিরুদ্ধে বগুড়া জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযোগের শুনানি শেষে আদালত ধুনট থানাকে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ এবং আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার রাতে মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, শাহ আলম একজন মুদি দোকানি। গত ৪ আগস্ট কিশোরী তার দোকানে সাবান ও শ্যাম্পু কিনতে গেলে শাহ আলম তাকে বাড়িতে ভালো সাবান ও শ্যাম্পু আছে বলে কৌশলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

কিশোরীর বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মা দোকানে যান। দোকান বন্ধ পেয়ে তিনি শাহ আলমের বাড়িতে গেলে ঘরের ভেতর মেয়ের চিৎকার শুনতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই শাহ আলম পালিয়ে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে মামলা দায়েরের খবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে শাহ আলম বাড়ির পাশের রাস্তা থেকে কিশোরীকে আবারও কৌশলে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

কিশোরীর মা বলেন, শাহ আলম ভালো সাবান-শ্যাম্পু দেওয়ার কথা বলে তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। মামলা করার খবর পাওয়ার পর আবারও মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ