আদম ব্যবসায়ীকে না পেয়ে ১১ বছরের শিশুকে তুলে নেওয়ার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে বাড়িতে আদম ব্যবসায়ী মো. জাফর আলীকে না পেয়ে তার ১১ বছর বয়সী ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শিশুটির নাম হুসাইন আলী।
স্থানীয় সূত্র জানায়, জাফর আলীর বিরুদ্ধে লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানোর কথা বলে বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কয়েকজন ভুক্তভোগীর স্বজনের দাবি, বিদেশে পাঠানোর কথা বলে তাদের স্বজনদের জিম্মি করে অর্থ আদায়ের সঙ্গেও জাফর আলী ও তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অর্থের মাধ্যমে জাফর আলী কালিনাথপুরে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।
অভিযোগ রয়েছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুলতাডাঙ্গা এলাকার এক ব্যক্তিকে লিবিয়ায় অবস্থানরত জাফর আলীর সহযোগীরা আটকে রেখে তার স্বজনদের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করেন। এ ঘটনার জের ধরে শনিবার সকালে ওই ব্যক্তির আত্মীয়-স্বজনেরা কালিনাথপুরে জাফর আলীর বাড়িতে যান।
তবে বাড়িতে জাফর আলীকে না পেয়ে তারা তার ১১ বছর বয়সী ছেলে হুসাইন আলীকে সঙ্গে করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, জাফর আলীকে খুঁজতে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়মিত কালিনাথপুরে আসছেন। এ নিয়ে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।
শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
স্থানীয়দের দাবি, ঘটনাটি দ্রুত তদন্ত করে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে জাফর আলীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও জিম্মি করে অর্থ আদায়ের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মতামত দিন