জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ৯ নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে জেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কিছু নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের ভোগান্তি যেন না বাড়ে, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে সবাইকে আরও সচেতন থেকে দায়িত্ব দৃঢ়ভাবে পালনের আহ্বান জানান তিনি।
রোববার (১৫ মার্চ) জ্বালানি তেল সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা বিষয়ে আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক (ডিসি) অনলাইনে যুক্ত ছিলেন।
পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিসিদের জন্য দেওয়া ৯টি নির্দেশনা হলো—
১. ডিপোর দৈনিক উদ্বোধনী ও সমাপনী মজুদ যাচাই করে প্রতিবেদন জমা দিতে হবে।
২. ডিপো থেকে বরাদ্দকৃত জ্বালানি তেল যেন পেট্রোলপাম্পে যথাযথভাবে সরবরাহ হয় তা নিশ্চিত করতে হবে।
৩. পেট্রোলপাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার এবং সরাসরি গ্রাহকদের কাছে সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করতে হবে।
৪. কোনো পেট্রোলপাম্প বন্ধ থাকলে এর সুনির্দিষ্ট কারণ তদন্ত করতে হবে এবং ডিপোর সঙ্গে জ্বালানি সরবরাহের হিসাব পুনরায় যাচাই করতে হবে।
৫. অবৈধ মজুদ প্রতিরোধ করতে হবে।
৬. তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭. জ্বালানি তেলের চোরাচালান বন্ধে ব্যবস্থা নিতে হবে।
৮. জ্বালানি তেল বেশি দামে বিক্রি ঠেকাতে কঠোর নজরদারি রাখতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৯. জেলা পর্যায়ে নজরদারি আরও জোরদার করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে