রাজধানীতে রায়েরবাজার নামে নতুন থানার প্রস্তাব, বিবেচনা করছে মন্ত্রণালয়
রাজধানী ঢাকায় রায়েরবাজার নামে নতুন একটি থানা গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রস্তাবটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর মোহাম্মদপুরকেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসেবা আরও সহজ করতে রায়েরবাজার এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এটি অনুমোদন পেলে এলাকাটিতে পুলিশের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও জানান, এরই মধ্যে বসিলা ও কাওরানবাজার এলাকায় দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে এবং ভবিষ্যতে আরও ক্যামেরা স্থাপন করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের চলমান অভিযানের তথ্য ফাঁস করে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফুটপাতে সীমানা নির্ধারণ করে দেওয়ায় চাঁদাবাজির সুযোগ অনেকাংশে কমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতা প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে