টিআইবি'র সমালোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সম্প্রতি দেওয়া একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এ বক্তব্যের সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিবৃতি দেওয়ার পর মন্ত্রণালয় এই ব্যাখ্যা দেয়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, গণমাধ্যমের একটি অংশ প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের আড়ালে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে তুলে ধরেছে, যা অসত্য ও বিভ্রান্তিকর।
প্রকৃতপক্ষে, আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিলেন প্রতিমন্ত্রী।
তিনি কাজের মান নিশ্চিত করতে, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে কাজ করতে এবং কাজের মান অনুযায়ী ঠিকাদারদের বিল পরিশোধের আহ্বান জানান।
মন্ত্রণালয় বলেছে, প্রতিষ্ঠিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং কাজের গুণগত মান বজায় রাখার বিষয়েই বক্তব্যে গুরুত্ব দেওয়া হয়েছিল। সরকারি ব্যয় ও ক্রয় কার্যক্রমে পিপিআর ও পিপিএ কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়।
তবে মূল বক্তব্যের বাইরে গিয়ে একটি মহল প্রতিমন্ত্রী ও নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের মধ্যে অনানুষ্ঠানিক কথোপকথনের কিছু মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে ঘুষকে বৈধতা দেওয়ার তুলনা করা শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচারের শামিল।
বিবৃতিতে বলা হয়, সরকার সব সময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে বিশ্বাস করে। কোনো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির জন্য আইনসম্মত প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
এদিকে, আজ সকালে এলজিইডি ভবনে পৌর প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় নিজের বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমের কাছে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি অনানুষ্ঠানিক কথোপকথনে দেওয়া ওই মন্তব্যগুলো প্রত্যাহার করে নেন।
তিনি আরও বলেন, ওই মন্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তা জড়িত ছিলেন না।
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারি কার্যক্রমে দুর্নীতি দূর করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মতামত দিন