সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর দগ্ধ প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১৮ মার্চ) এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
মরহুম আল মামুন গত ৮ মার্চ সৌদি আরবের আলখারজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর দগ্ধ হন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল (১৭ মার্চ) রাত ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুরে এবং তার পিতার নাম শহিদুল ইসলাম।
শোকবার্তায় মন্ত্রী আরও জানান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার পর থেকেই নিহতের পরিবারের পাশে থেকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন। নিহতের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে