Views Bangladesh Logo

সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী শাহে আলমের

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আইনগত প্রক্রিয়া ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

শুক্রবার প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এ পরিস্থিতিতে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা বা অনুমোদন নেই বলেও উল্লেখ করা হয়।

প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার সম্পর্কে প্রচারিত তথ্য প্রকাশের আগে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা উচিত।

এর আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের জেরে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন। মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে বাদী এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত প্রতিনিধি। তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ