সমাজসেবা কার্যালয়ে ধুলাবালি দেখে ক্ষুব্ধ সমাজকল্যাণমন্ত্রী
রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। কার্যালয়ের বিভিন্ন কক্ষে চেয়ার-টেবিল, কম্পিউটার ও প্রশিক্ষণকক্ষে জমে থাকা ধুলাবালি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভর্ৎসনা করেন তিনি।
শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর রোকেয়া চত্বর এলাকায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
পরিদর্শনের সময় মন্ত্রী কার্যালয়ের তৃতীয় তলার কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে জমে থাকা ধুলা লক্ষ্য করেন। পরে চতুর্থ তলায় সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষেও একই অবস্থা দেখতে পান। এ সময় তিনি নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে।
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, যেসব কক্ষে ধুলা দেখা গেছে, তার একটি শহর সমাজসেবা এবং অন্যটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীন। তবে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন