দুই সন্তানের নামে ইউনিয়ন নামকরণ, ‘অলৌকিক মিল’ বললেন প্রতিমন্ত্রী
নিজের দুই সন্তানের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ মিল ‘অলৌকিকভাবে’ হয়ে গেছে। তার দাবি, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম স্থানীয় প্রশাসন যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে নির্ধারণ করেছে।
প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকার নতুন এ দুই ইউনিয়ন গঠনের গেজেট গত ১১ জুন প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রীর দুই সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। দুই নতুন ইউনিয়নের নামের সঙ্গে এ নিয়ে মিল থাকায় সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম।
সোমবার সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় পটুয়াখালী-২ আসনের এ সংসদ সদস্য অভিযোগটি করেন।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের অনুরোধে সংসদের ২৭৪ বিধিতে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার সুযোগ পান শাহে আলম।
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি নতুন ইউনিয়ন গঠনের সময় সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে ‘সীমান্ত ইউনিয়ন’ এবং দেউলী ইউনিয়নের ৮টি মৌজা নিয়ে ‘দিগন্ত ইউনিয়ন’ গঠন করা হয়।
পাশাপাশি ‘স্বর্ণগ্রাম’ নামে আরেকটি ইউনিয়ন গঠন করা হয় এবং মোকামতলা ইউনিয়নের অবশিষ্ট অংশ নিয়ে পৌরসভা গঠনের প্রক্রিয়া চলছে। গত ১১ জুন এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।
ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী নতুন ইউনিয়নের নাম নির্ধারণের ক্ষমতা জেলা প্রশাসকের হাতে রয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যায় না।
নিজের সন্তানের নামে নামকরণের বিষয়ে ব্যাখ্যার শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় গিয়ে আমাকে ছাঁটাই করেছে আর কি।’
তিনি ইউনিয়ন করার ব্যাখ্যা দিয়ে বলেন, তার নির্বাচনি এলাকা বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দুটি আয়তনে অনেক বড় ছিল।
তিনি বলেন, ‘‘স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই করে, গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা উপজেলা সীমান্তে, সে কারণে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে ‘সীমান্ত ইউনিয়ন।’’
দেউলী ইউনিয়নের নামকরণের বিষয়ে তিনি বলেন, ‘‘এটি গাইবান্ধার একদম কাছে এবং অনেক দূরবর্তী হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের শুনানির ভিত্তিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।’’
এরপর শফিকুলের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন এই দুটি ইউনিয়ন আমার দুই সন্তানের নামে রাখা হয়েছে। আমি বলতে চাই, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় একটি ইউনিয়নের নাম আছে সীমান্ত ইউনিয়ন। ফেনী জেলায় রয়েছে সীমান্ত বাজার ও সীমান্ত বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রয়েছে সীমান্ত বাজার। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রয়েছে সীমান্ত বন্দর।’
তিনি বলেন, ‘হবিগঞ্জ পৌরসভায় রয়েছে দিগন্ত নামের একটি ওয়ার্ড, সন্দ্বীপ উপজেলায় রয়েছে দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবানের চিম্বুকে রয়েছে দিগন্ত বাজার। সীমান্ত ও দিগন্ত নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে।’
সন্তানদের নামের সঙ্গে মিলের প্রসঙ্গে শাহে আলম বলেন, ‘মিরাকল হচ্ছে, আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত সন্তানের নামে করার, তাহলে প্রশাসনকে বলতাম নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নাই।’ এ সময় সংসদে হাসির রোল ওঠে।
তিনি বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি যে বিজিবির নির্মিত সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। উনি দয়া করে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায়, সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি দয়া করে বলেননি যে গুলশানে যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার। দিগন্ত টেলিভিশনও আমার।’
ব্যক্তিগতভাবে হেয় করা হয়েছে দাবি করে শফিকুলের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধও করেন তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ব্যাখ্যা যেমন কার্যবিবরণীতে থাকবে, তেমনি অভিযোগকারী সংসদ সদস্যের বক্তব্যও কার্যবিবরণীতে থাকবে।
স্পিকার বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, এর মধ্যে অসংসদীয় কোনো কিছু আছে কি না।’

মতামত দিন