পারমাণবিক যুগে প্রবেশের আগে বিদ্যুৎ ব্যবস্থাকে নিরাপদ ও স্মার্ট করার নির্দেশ মন্ত্রীর
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট এবং আধুনিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যপত্র (ওয়ার্কিং পেপার) তৈরির নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (৮ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ বিভাগের অধীনস্থ সঞ্চালন ও বিতরণকারী কোম্পানিগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বলেন, ‘পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের আগে আমাদের সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো আগে থেকেই চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে। যেহেতু পারমাণবিক বিদ্যুৎ পুরোপুরি প্রযুক্তি-নির্ভর, তাই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা জরুরি।’
তিনি জানান, প্রয়োজনীয় গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরির জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে পারমাণবিক বিদ্যুৎ খাতে অভিজ্ঞ বিদেশি পরামর্শকদের সহায়তায় এই ধারণাপত্রটি মূল্যায়ন করা হবে।
জ্বালানি মন্ত্রী উল্লেখ করেন, দেশ ইতিমধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কয়লা ও সৌরবিদ্যুৎসহ বহুমুখী জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে গেছে এবং এখন পারমাণবিক বিদ্যুতের দিকে ধাবিত হচ্ছে। এই রূপান্তরের জন্য সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে পূর্ণ সমন্বয় থাকা অত্যাবশ্যক। সঠিক সমন্বয় না থাকলে পুরো বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়ার (সিস্টেম কলাপ্স) ঝুঁকি থাকে।
জননিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি অত্যন্ত জটিল এবং উচ্চ প্রযুক্তি-নির্ভর হওয়ায় আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এখানে জননিরাপত্তাই আমাদের মূল অগ্রাধিকার।’
মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ খাতের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে