Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন বিমানমন্ত্রী এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ গ্রহণে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন যাত্রীরা। তারা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।

পরে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ