Views Bangladesh Logo

হাসপাতালে আগুন: পরিদর্শনে গিয়ে ঘটনাস্থল না দেখেই চলে গেলেন প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরিদর্শনে গিয়ে দুর্ঘটনাস্থল না দেখেই হাসপাতাল ত্যাগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেননি তিনি।

বুধবার সকাল পৌনে ১০টায় হাসপাতালে উপস্থিত হয়ে পরিদর্শনের কথা ছিল প্রতিমন্ত্রীর। তবে তার গাড়িবহর হাসপাতালে পৌঁছায় দুপুর ১১টা ১০ মিনিটে। হাসপাতালে পৌঁছানোর পর উপপরিচালক জাকিউল ইসলামসহ চিকিৎসক নেতারা তাকে স্বাগত জানিয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নিয়ে যান। অসুস্থতার কারণে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহা. জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন না।

এ সময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, হাসপাতাল প্রশাসনের কর্মকর্তা এবং চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

পরিচালকের কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শেষে দুপুর ১২টা ২২ মিনিটে বের হন প্রতিমন্ত্রী। পরে নিজের গাড়িতে ওঠার সময় তিনি জানান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে হাসপাতালের ব্যবস্থাপনা কীভাবে আরও ভালো করা যায়, বৈঠকে মূলত এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকরা অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রীর হয়ে উত্তর দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি পদদলিত হয়ে মৃত্যুর বিষয়টি অস্বীকার করে বলেন, আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেখান থেকেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংসদ সদস্য বলেন, পদদলিত হয়ে কেউ মারা যায়নি। তারা আগুনের আতঙ্কে অচেতন হয়ে গিয়েছিল, তারা মারা গেছে।’ পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে বলেও দাবি করেন তিনি। ছয়জনের মৃত্যুর যে খবর এসেছে, তাদের মধ্যে একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

একপর্যায়ে তিনি বলেন, ছয়জনের মৃত্যুর খবর তিনি মিথ্যা প্রমাণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মৃতদের মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং দুজন আগুনের আতঙ্কে মারা গেছেন। তিনি বলেন, ‘পদদলিতও না, অগ্নিদগ্ধও না।’

তবে পরিবারের পক্ষ থেকে পদদলিত হয়ে মৃত্যুর দাবি করা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বিষয়টি তদন্তের জন্য কমিটি করা হয়েছে। তদন্ত শেষে যে তথ্য বেরিয়ে আসবে, তখন এ বিষয়ে উত্তর দেওয়া যাবে। এ সময় তিনি বলেন, ‘দোয়া করেন যেন সবকিছু ভালো থাকে।’

হাসপাতালে স্বাভাবিকের তুলনায় প্রায় চারগুণ রোগীর চাপ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নষ্ট থাকার বিষয়েও প্রশ্ন করা হয় প্রতিমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। ভবিষ্যতে কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রকৌশলীদের হাসপাতালের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরে এ বিষয়ে বড় একটি সভা করা হবে। তবে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বলেও জানান প্রতিমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ