Views Bangladesh Logo

রংপুরে ৪ খুন: স্বল্প সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর

রংপুর নগরীতে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় অভিযুক্তদের স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় নিহত গণপতি চক্রবর্তীর বাসভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

ত্রাণমন্ত্রী বলেন, ‘আমি এখানে এসে জানতে পারলাম মাদকাসক্তরা গণপতি স্যারকে অনেক ডিস্টার্ব করতো। মাদকের বিরুদ্ধে কথা বলায় স্যারসহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ বাহিনী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।’

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে মাদক রয়েছে। আমাদের সরকার মাদকের বিষয়ে সবোর্চ্চ সাজা মৃত্যুদণ্ড করেছে। আমরা আশা করছি জনগণের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ না করলে সমাজ থেকে মাদক নির্মূল করা যাবে না। পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে।’

এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের চিত্র টেনে মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রামিশা হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। তার বিচারকার্য শেষ হয়েছে। আমরা এলাকায় নন্দিনী নামে একটি বাচ্চা মেয়েকে হত্যার ঘটনায় ১৫ দিনের মধ্যে বিচারকার্য শেষ হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে চার্জশিট দাখিল করে স্বল্প সময়ের মধ্যে জঘন্যতম এ হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে আসাদুল হাবিব দুলু জানান, হত্যাকাণ্ডের মূল আসামি ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও বলেন, নৃশংস এই চার হত্যাকাণ্ডের পেছনে মাদক রয়েছে। আমাদের সরকার মাদকের বিষয়ে সবোর্চ্চ সাজা মৃত্যুদণ্ড করেছে। জনগণের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। এ জন্য কেবল আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে তিনি শহরের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার জোর আহ্বান জানান।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ