মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থকে বিয়ে করলেন মিমি চক্রবর্তী
বেশ কয়েক দিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন কলকাতার এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন মিমির পরনে ছিল সোনালি জরির কাজ ও মুক্তার কারুকাজ করা অফ-হোয়াইট পোশাক। একই রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে আইভরি ও সোনালি নকশার পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ।
মিমির সাজে ছিল পান্না ও সোনালি ঝুমকো, মুক্তা ও সোনার বালা। খোলা চুলে সোনালি ও সবুজ পাথরের অলংকারও ব্যবহার করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ফুলের সাজের সামনে দুজনকে আংটি বদল করতে এবং কপালে কপাল ঠেকিয়ে থাকতে দেখা যায়। তবে ছবিগুলোতে দুজনের মুখ স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি।
সিদ্ধার্থ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তাঁর পরিবারের সঙ্গে বিনোদন জগতেরও সম্পর্ক রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।
আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়ে বাড়ি ফেরেন মিমি। এ সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন তিনি। গাড়িতে ওঠার আগে সবাইকে ধন্যবাদ জানান এবং তাঁদের জন্য মিষ্টিও পাঠান।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে সিদ্ধার্থ ও মিমির বিয়ের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে প্রাক্-বিয়ের আয়োজন। পরে ১২ ডিসেম্বর কলকাতায় টালিউডের বন্ধু ও পরিচিতজনদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন মিমি।
মতামত দিন