শিক্ষা খাতের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়, তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। এই বিনিয়োগের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান এবং মিড ডে মিল চালুসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব পদক্ষেপ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে বলে আশা করছে সরকার।
পাশাপাশি দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
একই অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে না—এমন অভিযোগের কারণে অনেক অভিভাবক কিন্ডারগার্টেন স্কুলের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
শিক্ষাপ্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

মতামত দিন