বিজয়ের পর এলাকায় মিলনের গণসংযোগ, সমর্থকদের ভালোবাসায় সিক্ত
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার সকাল থেকে এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিলে পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মিলন বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এজন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ; তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।
তিনি এ বিজয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী খালেদা জিয়া-এর প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এ বিজয় ব্যক্তিগত সাফল্য নয়; বরং মানুষের কল্যাণে কাজ করার বড় সুযোগ ও গুরুদায়িত্ব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে তিনি নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে