Views Bangladesh Logo

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি

দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা মাত্র তিন মাসে ৫ হাজার ৭৭টি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এ ধরনের হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। মার্চ শেষে যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।

একই সময়ে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুন শেষে দেশের ব্যাংকগুলোতে মোট হিসাব ছিল ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এসব হিসাবে জমা থাকা মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।

তিন মাস আগে মার্চ শেষে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। তখন এসব হিসাবে আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৫৮ হাজার ২ কোটি টাকা। অর্থাৎ মার্চ থেকে জুনের মধ্যে মোট হিসাব বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি। একই সময়ে আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।

অর্থনীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি বড় অঙ্কের আমানত থাকা ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। খাতসংশ্লিষ্টদের মতে, মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্যবিত্তের বড় একটি অংশ যেখানে সংসার চালাতে বাড়তি চাপের মুখে পড়ছে, সেখানে ব্যবসায়ী ও উচ্চ আয়ের মানুষের একটি অংশের ব্যাংক আমানত বাড়ছে।

তবে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা দিয়ে দেশে প্রকৃত কোটিপতির সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ, এসব হিসাবের মধ্যে ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার হিসাবও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংকে একাধিক হিসাব পরিচালনা করতে পারে। ফলে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা এবং প্রকৃত কোটিপতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা এক নয়। এ কারণে ব্যাংক হিসাবের এই পরিসংখ্যানকে সরাসরি দেশের কোটিপতির সংখ্যা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ