পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় এক সশস্ত্র হামলায় ছয়জন নিরাপত্তা সদস্য নিহত। এতে আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (৭ ডিসেম্বর) বাঘাম এলাকায় ফ্রন্টিয়ার কর্পস চেকপয়েন্টে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তা সেলিম খান।
পেশোয়ার থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাঘামে এই হামলার পর আহতদের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি এই অঞ্চলে অস্থিরতা বেড়েছে। গত কয়েক সপ্তাহে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের এই হামলা সাম্প্রদায়িক সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়। কারণ দুই সম্প্রদায়ের মধ্যে একটি যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।
এই ঘটনা এমন এক সময় ঘটেছে, যখন পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গত মাসে বেলুচিস্তানের কালাত জেলায় সীমান্ত চৌকিতে জঙ্গি হামলায় সাতজন সেনা নিহত এবং ১৫ জন আহত হন। এ ছাড়া বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে একটি রেলওয়ে স্টেশনে বোমা হামলায় ২৬ জন নিহত হয়।
পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোতে চালানো জঙ্গি হামলা দেশটির স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষকে এখন একদিকে সাম্প্রদায়িক সংঘর্ষ, অন্যদিকে জঙ্গি গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলা করতে হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে