Views Bangladesh Logo

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পপতারকা মাইলি সাইরাস

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা মাইলি সাইরাস বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ও সংগীতশিল্পী ম্যাক্স মোরান্দোকে।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৩৩ বছর বয়সী মাইলির সঙ্গে ২৮ বছর বয়সী ম্যাক্সের প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর নতুন জীবনের সূচনা হলো।

বিনোদনবিষয়ক সাময়িকী পিপল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস, বাবা বিলি রে সাইরাস এবং বোন নোয়া সাইরাসসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি খিলানের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিশেষ মুহূর্তের সাদা-কালো ছবি প্রকাশ করেন নবদম্পতি।

বিয়ের আগের দিন শুক্রবার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেন তাঁরা। মাইলির সৎবোন লিলি-রোজ পারসেল সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের ছবি প্রকাশ করেন। নৈশভোজের মেন্যুতে ‘এম+এম’ লেখা ছিল, যা মাইলি ও ম্যাক্সের নামের আদ্যক্ষর।

২০২৫ সালের ডিসেম্বরে তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। তবে এর আগেই জাপান সফরের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্স। চলতি বছরের জুলাইয়ে ওয়ান্ডারল্যান্ড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান তিনি।

মাইলি ও ম্যাক্সের গন্তব্য ছিল জাপানের টোকিও ও কিয়োটো। দুজনেরই দীর্ঘদিনের ইচ্ছা ছিল শহর দুটি ঘুরে দেখার। কিয়োটোর একটি হোটেলের বাগানে হাঁটার সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দেন ম্যাক্স। একটি ছোট কাঠের সেতু পেরিয়ে নিরিবিলি জায়গায় পৌঁছানোর পর মাইলি যখন অন্যদিকে তাকিয়ে ভিডিও করছিলেন, তখন হাঁটু গেড়ে বসে আংটি বের করেন তিনি।

প্রস্তাব দেওয়ার মুহূর্তে বেশ স্নায়ুচাপে ছিলেন বলে জানান ম্যাক্স। তাঁর ভাষ্য, তখন হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল এবং তিনি ঘামছিলেন। এমনকি আংটিটি হাত থেকে পড়ে যাওয়ার আশঙ্কাও করছিলেন।

অন্যদিকে অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, বাগ্‌দানের আগে তাঁর সন্দেহ হয়েছিল ম্যাক্সের কাছে আংটি রয়েছে। এ নিয়ে মজা করে তাঁর শরীরও তল্লাশি করেছিলেন তিনি। তবে আংটিটি খুঁজে পাননি। পরে জানতে পারেন, ম্যাক্স এমন জায়গায় সেটি রেখেছিলেন, যেখানে তাঁর হাত পৌঁছায়নি।

২০২১ সালে এক বন্ধুর মাধ্যমে ব্লাইন্ড ডেটে পরিচয় হয় মাইলি ও ম্যাক্সের। প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে ২০২৩ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে মাইলি বলেছিলেন, বিষয়টি তাঁর কাছে ছিল একেবারেই নতুন। প্রথমে ভেবেছিলেন, ভালো না লাগলে সেখান থেকে চলে আসবেন।

একই বছরের নভেম্বরে লস অ্যাঞ্জেলেসে গুচির একটি ফ্যাশন শোতে তাঁদের একসঙ্গে দেখা যায়। ডিসেম্বরে মাইলির নববর্ষের বিশেষ অনুষ্ঠানের নেপথ্যেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় দুজনকে। পরের বছরের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাঁদের চুম্বনের ছবি প্রকাশের পর প্রেমের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

প্রেমের পাশাপাশি সংগীতেও একসঙ্গে কাজ করেছেন মাইলি ও ম্যাক্স। মাইলির ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ ও ‘সামথিং বিউটিফুল’ অ্যালবামের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন ম্যাক্স। তিনি যুক্তরাষ্ট্রের বিকল্প রক ব্যান্ড লিলির ড্রামার।

এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাইলি। ২০১০ সালে ‘দ্য লাস্ট সং’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালের আগস্টে আলাদা হওয়ার ঘোষণা দেন দুজন। ২০২০ সালের জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ