Views Bangladesh Logo

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তি আজ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী একাডেমিক ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিমানের পাইলট। আহত হন ১৭৫ জন, যার মধ্যে ৬৩ জন শিক্ষার্থী। দীর্ঘ চিকিৎসার পর অনেকেই ক্লাসে ফিরলেও অধিকাংশ আহত শিক্ষার্থী এখনো ভয়, আতঙ্ক ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। অভিভাবকদের ভাষ্য, বিমানের শব্দ শুনলেই অনেক শিশু আতঙ্কিত হয়ে পড়ে, রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে, হঠাৎ রেগে যায় এবং পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব শিশুর দীর্ঘমেয়াদি মানসিক পুনর্বাসন ও নিয়মিত কাউন্সেলিং জরুরি।

দুর্ঘটনায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাইয়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত জানান, তার মেয়ের মানসিক অবস্থার অবনতি হচ্ছে এবং সে প্রায়ই বলে, ‘মরে গেলে ভালো হতো।’ তিনি বলেন, এক বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কার্যকর পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

বর্তমান সরকারের কাছে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ, আহতদের আজীবন বিনা মূল্যে চিকিৎসা ও সিএমএইচের বিশেষ মেডিক্যাল কার্ড, নিহতদের রাষ্ট্রীয় শহীদ মর্যাদা এবং ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে নিহত ও আহতদের পরিবার। একই সঙ্গে উত্তরায় নিহতদের স্মরণে একটি মসজিদ নির্মাণেরও আহ্বান জানিয়েছেন তারা।


শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও ছুটি রিসোর্টের উদ্যোগে গাজীপুরের পুবাইলে বিশেষ ‘মেন্টাল হিলিং’ বা মানসিক নিরাময় কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা মেডিটেশন, ছবি আঁকা, খেলাধুলা ও কাউন্সেলিংয়ে অংশ নেয়। নিহত সহপাঠীদের স্মরণে চারাগাছও রোপণ করা হয়।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তি উপলক্ষে সোমবার দিয়াবাড়ী ক্যাম্পাসে দোয়া ও স্মরণসভার আয়োজন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

নিহতদের স্মরণ ও আহতদের প্রতি সংহতি জানাতে আজ দুর্ঘটনাস্থল সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা, দোয়া, স্মৃতিচারণ এবং নিহতদের ছবি ও স্মৃতিবার্তা প্রদর্শনের আয়োজন থাকবে। এতে অংশ নেবেন অভিভাবকেরাও।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান চলাকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান শিক্ষাপ্রষ্ঠিানটির হায়দার আলী একাডেমিক ভবনে আছড়ে পরে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটের এই দুর্ঘটনায় ভবনের সিঁড়ির অংশ ও প্রাথমিক শিক্ষার্থীদের দুটি শ্রেণিকক্ষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রাণহানি ও হতাহতের মতো মর্মান্তিক ঘটনা ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ