ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তিনি বলেন, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নেই।
অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সকাল ১১টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ময়মনসিংহ থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয় বলেও জানায় সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম। ভারতীয়, ইউরেশীয় ও বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বৃদ্ধি পাওয়া উদ্বেগের কারণ বলেও তারা উল্লেখ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে