দেশের তিন জেলায় বইছে শৈত্য প্রবাহ
দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হচ্ছে-দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম। সেই সঙ্গে কিছু জায়গায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ঘন কুয়শার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবারও (৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের তেঁতুলিয়া সর্বনিম্ম তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমেছে। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি। এছাড়াও রাজারহাটে ৯ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে