কনসার্ট বন্ধের প্রতিকার চেয়ে বক্তব্য দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বিরুদ্ধে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও কনসার্ট বন্ধের প্রতিকার চেয়ে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করে বলেন, জুলাইয়ের শক্তির ঐক্য প্রয়োজন, সংঘাত নয়। তবে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস করা হবে না।
এ সময় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে শনিবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেন কওমি ছাত্র ঐক্য পরিষদ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মতামত দিন