মধ্যরাতে পরপর তিন ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল দেশের বিভিন্ন এলাকা
বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবার) মধ্যরাতের এই ভূকম্পনে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিট থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে এ কম্পনগুলো রেকর্ড করা হয়। প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯।
প্রথম ধাক্কার ঠিক এক মিনিট পর, অর্থাৎ রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের লুংলেই অঞ্চলে ৫.০ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি হয়। এর প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়।
সর্বশেষ রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ৩.৮ মাত্রার মৃদু ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
তবে অল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্পের প্রভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
মতামত দিন