মধ্যস্বত্বভোগীদের কারণে কাঁচামরিচের দাম ১১৬ শতাংশ বেড়েছে: সিপিডি
উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগেই কাঁচামরিচের দাম ১১৬ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।
‘বাংলাদেশের অর্থনীতির উত্তরণকালীন বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক ওই ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন পর্যায়ের মধ্যস্বত্বভোগীদের কারণে সরবরাহ শৃঙ্খলে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।
তিনি জানান, চাল, ডাল, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ডিম, ব্রয়লার মুরগি, বেগুন, গরুর মাংস ও রুই মাছ—এই ১০টি পণ্যের ওপর করা জরিপে দেখা গেছে, কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে প্রতিটি পণ্যের দামই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
সিপিডির তথ্য অনুযায়ী, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি ১১৬ শতাংশ বেড়েছে। এর পর রয়েছে পেঁয়াজে ৮৭ শতাংশ, মসুর ডালে ৭৮ শতাংশ এবং বেগুনে ৭২ শতাংশ দাম বৃদ্ধি।
ড. ফাহমিদা খাতুন বলেন, যত বেশি মধ্যস্বত্বভোগী থাকে, তত বেশি দামের চাপ ভোক্তার ওপর পড়ে। সাপ্লাই চেইনের বিভিন্ন স্তরে গিয়ে শেষ পর্যন্ত ভোক্তাকেই অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত নিত্যপণ্যের দাম ধারাবাহিকভাবে ওঠানামা করছে, যার মধ্যে চাল ও অন্যান্য খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সিপিডি বলছে, বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও নিয়ন্ত্রণহীন সরবরাহ চেইনই এই মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে তাদের গবেষণায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে