মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে বিপাকে যাত্রীরা
ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।
রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরে দেখা গেছে, যাত্রীরা এখনও ভোগান্তির মধ্যে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানা থাকায় যাত্রীরা হতাশার মধ্যে রয়েছেন। অনেকের ভিসার মেয়াদ সীমিত, যা তাদের পরিস্থিতি আরও অনিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ নিরাপদ হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত হলেও ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ফ্লাইট সচল রয়েছে।
বাংলাদেশ বিমানের যাত্রী হয়ে ১ মার্চ বিকেল পাঁচটায় কাতারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল নোয়াখালীর সেনবাগের জুয়েল মিয়ার। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকার কারণে ফ্লাইট স্থগিত হওয়ার খবর শুনেও সকালেই সশরীরে আসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছি। ফ্লাইট স্থগিত হওয়ার কথা শুনে এজেন্সিতে যোগাযোগ করলে তারা জানিয়ে দিয়েছে সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য। এই কারণে আমি এখন এখানে এসেছি।
আমি হটলাইনে ফোন দিচ্ছি প্রায় এক ঘণ্টার উপরে। হট লাইনে যোগাযোগ করতে পারছি না। এজেন্সির সঙ্গে কথা বলছি, উনারা একই কথা বলতেছে যে আপনি ওখানে উপস্থিত থাকেন। উনারা যে ডিসিশন দেয় এয়ারপোর্টের থেকেই জানতে পারবেন। এখন কি আর করা, অনিশ্চয়তার মধ্যে আছি।
নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার জুবায়ের নামের আরেক যাত্রী জানান, গতকাল রাতে বাংলাদেশ বিমানে কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট স্থগিত হয় রাতে বিমান কর্তৃপক্ষ তাদের ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলেছিলেন। এজন্য তিনি রাজধানীর উত্তরাতে একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেছিলেন। এখন আবার পুনরায় খোঁজ নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। কিন্তু এখনো তিনি সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে