কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপ্লব: এআই ডেটা সেন্টারে মাইক্রোসফটের ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ এবং ক্লাউডভিত্তিক এআই অ্যাপ্লিকেশন উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে যাচ্ছে মাইক্রোসফট। এ লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে এআই ডেটা সেন্টার নির্মাণে ৮০ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৩ জানুয়ারি) মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর থেকে এআই-নির্ভর প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার চেষ্টা করছে। এআইয়ের জন্য বিশাল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন, যা বিশেষায়িত ডেটা সেন্টারের চাহিদা বাড়াচ্ছে। এসব ডেটা সেন্টার হাজার হাজার চিপ একত্রে যুক্ত করে ক্লাস্টার গঠন করতে সক্ষম।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মাইক্রোসফটের অ্যাজিউর এবং অন্যান্য ক্লাউড সেবার আয় বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ, যেখানে এআই সেবার আয় বেড়েছে ১২ শতাংশ।
বিশ্লেষকরা মনে করছেন, ২০২৫ অর্থবছরের জন্য মাইক্রোসফটের মূলধনী ব্যয় (ক্যাপিটাল লিজসহ) ৮৪.২৪ বিলিয়ন ডলার ছুঁতে পারে।
মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ ব্লগে মন্তব্য করেছেন, "এআই-তে বেসরকারি বিনিয়োগ এবং বিভিন্ন আকারের মার্কিন কোম্পানিগুলোর উদ্ভাবনের ফলে যুক্তরাষ্ট্র বিশ্বে এআই প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। এসব কোম্পানির মধ্যে স্টার্ট-আপ থেকে শুরু করে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি রয়েছে।"
ওপেন এআই-এর প্রধান পৃষ্ঠপোষক এবং একচেটিয়া অংশীদার হিসেবে মাইক্রোসফটকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে