উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনুর আকার বদলানোর সুযোগ দিচ্ছে মাইক্রোসফট
উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু ও টাস্কবার ব্যবহারকারীদের পছন্দমতো সাজানোর সুযোগ দিতে বড় পরিবর্তন নিয়ে পরীক্ষা শুরু করেছে মাইক্রোসফট। আগামী সপ্তাহের মধ্যে ‘এক্সপেরিমেন্টাল’ চ্যানেলে থাকা উইন্ডোজ ইনসাইডারদের জন্য এসব আপডেট চালু করছে কোম্পানিটি।
নতুন আপডেটে স্টার্ট মেনুর জন্য ‘স্মল’ ও ‘লার্জ’— দুটি আকারের অপশন থাকবে। স্টার্ট মেনু সেটিংস থেকে পছন্দের আকারটি বেছে নিলে তা সব ডিসপ্লেতে একইভাবে সেট হয়ে যাবে। গত বছরের নভেম্বরে এক আপডেটের পর উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু আকারে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার পর থেকে ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত এই পরিবর্তন আনছে মাইক্রোসফট।
এ ছাড়া স্টার্ট মেনুর ‘পিনড’, ‘রেকমেন্ডেশন’ ও ‘অল’— এই বিভাগগুলো আলাদাভাবে চালু বা বন্ধ করার সুবিধাও মিলবে। ফলে কেউ চাইলে শুধু নিজের পিন করা অ্যাপগুলো রেখে বাকি সব অংশ লুকিয়ে রাখতে পারবেন। ফাইল রেকমেন্ডেশনের জন্যও আলাদা কন্ট্রোল যোগ হচ্ছে। স্ক্রিন শেয়ার বা লাইভ স্ট্রিমিংয়ের সময় গোপনীয়তা রক্ষায় স্টার্ট মেনু থেকে নিজের নাম ও প্রোফাইল ছবি লুকিয়ে রাখার অপশনও যোগ করা হচ্ছে।
টাস্কবারের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। এবার থেকে টাস্কবারটি স্ক্রিনের উপরে, নিচে, ডানে বা বামে — যেকোনো প্রান্তে সরিয়ে নেওয়া যাবে। টাস্কবার ডানে বা বামে রাখলে আইকনগুলো উপরে না মাঝখানে থাকবে তা-ও ব্যবহারকারী নিজে বেছে নিতে পারবেন। উপরে বা নিচে রাখলে আইকন বামে বা মাঝখানে রাখার অপশন পাওয়া যাবে।
মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে যোগ দিতে চাইলে নিজের মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করতে হবে। ইনসাইডাররা পরীক্ষাধীন সর্বশেষ উইন্ডোজ সংস্করণ সবার আগে ব্যবহার করে ফিডব্যাক দেওয়ার সুযোগ পান, যা পরবর্তীতে ফিচারগুলো সবার জন্য চালু করার আগে আরও উন্নত করতে কাজে আসে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে