হঠাৎ করেই উইন্ডোজ ১১-এর প্রিভিউ আপডেট স্থগিত করল মাইক্রোসফট
ইনস্টলেশনজনিত ত্রুটি শনাক্ত হওয়ায় উইন্ডোজ ১১-এর একটি প্রিভিউ আপডেটের বিতরণ সাময়িকভাবে স্থগিত করেছে মাইক্রোসফট। 'KB5079391' নামের এই নন-সিকিউরিটি আপডেটটি ইনস্টল করতে গিয়ে একশ্রেণির ব্যবহারকারী সমস্যায় পড়ছিলেন।
গত বৃহস্পতিবার উইন্ডোজ ১১-এর 24H2 ও 25H2 সংস্করণের জন্য ঐচ্ছিক ক্রমবর্ধমান আপডেটটি উন্মুক্ত করা হয়। এতে স্মার্ট অ্যাপ কন্ট্রোল ও ডিসপ্লে-সংক্রান্ত উন্নয়নসহ মোট ২৯টি পরিবর্তন অন্তর্ভুক্ত ছিল।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, আপডেটটি ইনস্টল করার সময় অনেক ব্যবহারকারীর স্ক্রিনে একটি বার্তা আসছিল — কিছু আপডেট ফাইল অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ। পাশাপাশি '0x80073712' ত্রুটি কোডও দেখা যাচ্ছিল, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এ পরিস্থিতিতে আপডেটটির রোলআউট আপাতত বন্ধ রাখা হয়েছে।
সমস্যা সমাধানের কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত মাসিক 'প্যাচ টুয়েসডে' আপডেটের আগেই ত্রুটিটি সারিয়ে নেওয়া হবে। এতে নতুন ফিচার ও সংশোধনগুলো চূড়ান্তভাবে প্রকাশের আগে ব্যবহারকারীরা সেগুলো পরীক্ষা করার সুযোগ পাবেন।
এর আগেও মার্চ ২০২৬-এর একটি আপডেটের কারণে বড় ধরনের সমস্যা দেখা দিলে মাইক্রোসফট জরুরি ভিত্তিতে সমাধান প্রকাশ করেছিল। সেই সমস্যায় Teams, Edge, Microsoft 365 Copilot ও OneDrive-সহ একাধিক সেবায় মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। সূত্র: Bleeping Computer

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে